আজ সোমবার ২৬ রজব ১৪৪৬ হিজরি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেমেরাজ।শবেমেরাজ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। নবুয়তের ১১তম বছর এই রাতে মহান আল্লাহ তার প্রিয় রাসুলকে তাঁর একান্ত সান্নিধ্যে ডেকে নেন। এর মাধ্যমে তিনি মুহাম্মদ (সা.)-কে সমগ্র সৃষ্টির ওপর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেন।
মেরাজের রাতে মহানবী (সা.) আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজসহ তাঁর উম্মতের জন্য প্রভূত কল্যাণ বয়ে আনেন। মহাজগতের এই সফর নবী (সা.)-এর নবুয়তের সপক্ষে অলৌকিক প্রমাণ এবং মুসলিম জাতির জন্য মহাবিশ্ব জয়ের অনুপ্রেরণাও বটে।
কেননা নবুয়ত লাভের ১১তম বছর মুহাম্মদ (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিল। এ বছর তিনি তাঁর প্রিয়তমা স্ত্রী খাদিজা (রা.) ও শ্রদ্ধেয় চাচা আবু তালেবকে হারান। এবং অন্যদিকে ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকে আহত ও আশাহত হয়ে ফেরেন। এমন ব্যথাতুর সময়ে আল্লাহ তাঁর প্রিয় বন্ধুকে সান্নিধ্য দানের মাধ্যমে প্রশান্তির চাদরে আবৃত করেন।
প্রসিদ্ধ বর্ণনা আছে যে, রজব মাসের ২৭ তারিখ রাতে বিশেষ নিরাপত্তায় প্রথমে বোরাক তারপর রফরফে চড়ে নবী (সা.) মিরাজে যান। এ ঘটনার বর্ণনা দিয়ে কোরআনে আল্লাহ বলেছেন, ‘মহিমান্বিত সেই সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তাঁর নিদর্শনাবলী দেখানোর জন্য, যা চারপাশে আমি বরকতে পূর্ণ করে দিয়েছি। নিশ্চয়ই তিনি সব শোনেন ও সব দেখেন।’
