ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

ঈদ জামাতের জন্য এখন প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় এবারও থাকছে বাড়তি নিরাপত্তা।

এবার এ ঈদগাহের জন্য ১৯৬ তম ঈদুল ফিতরের জামাত। সকাল ১০ টায় শুরু হবে ঈদ জামাত।

ইমামতি করবেন শোলাকিয়া ঈদগাহের নিয়মিত ইমাম ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ঈদগাহ মাঠের দাগকাটা, মিম্বর ও দেয়ালে রং করা, মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন টানানো ও মাইক স্থাপন, ওজুখানা, টয়লেট সংস্কারসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।

শোলাকিয়ায় ২০১৬ সালের জঙ্গি হামলাকে মাথায় রেখে প্রতিবছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এবারও অনেকটা সেরকমই থাকছে।

ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দানকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন শোলাকিয়া ময়দান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শোলাকিয়ায় এবার ১৬১ জন সাদা পোশাকে পুলিশ সদস্যসহ মোট ১২৯৯ জন পুলিশ,

র‌্যাবের ৮টি টিম (প্রতি টিমে ৬ জন করে) ও ১০০ বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

পুরো মাঠ পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। ঈদেরদিন মাঠের বিভিন্ন প্রান্তে থাকবে ১৩ টি আর্চওয়ে।

বসানো হয়েছে সিসি ক্যামেরা। থাকবে ড্রোন ক্যামেরাও। এছাড়া আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে আসবে বোম ডিসপোজাল টিম।

ঈদেরদিন এখানে ফায়ার সার্ভিস কাজ করবে। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে।

 

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন স্থানে আজ ঈদ পালিত

 

ঈদগাহ পরিচালনা কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ঈদেরদিন মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধ করেছেন।

বুধবার র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান

ও কিশোরগঞ্জের পুলিশ ‍সুপার মোহাম্মদ রাসেল শেখ পৃথকভাবে শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

তারা জানান, এবার জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই। এরপরও ২০১৬ জনের ঘটনাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদগাহ ময়দানকে লক্ষ্য করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তা এবং ঈদজামাত সুন্দর ও নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর বলেও জানান তারা।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঈদজামাত আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card