ঈদের দিন আমরা একে অপরকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানিয়ে থাকি। ঈদ মোবারক। আরবিতে عيد مبارك। এটি আমরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলে থাকি। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পরস্পরকে শুভেচ্ছা জানাতে এই শব্দ ব্যবহার করা হয়।
ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি বা উদযাপন ও উচ্ছ্বাস। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময় ও বরকতপূর্ণ। সুতরাং ঈদ মোবারকের অর্থ হলো- ঈদ কল্যাণময় হোক। অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক।
আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এই প্রচলনটা বেশ সুন্দর ও মানানসই। তবে সালামের আগেই ‘ঈদ মোবারক’ বলা উচিত নয়। কারণে এভাবে শুভেচ্ছা বিনিময় করতে গেলে— আগে সালাম জানানোর আমলটুকু হয় না।
ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আর ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো— এ দোয়া পাঠ করা:
تقبل الله منا ومنكم (উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।)
অর্থ: আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন।
ওয়াসিলা (রা.) বলেন,
আমি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ (বায়হাকি, হাদিস: ৩/৪৪৬)
হাদিস শরিফে এসেছে- জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত, তিনি বলেন,
নবীজি (সা.)-এর সাহাবোয়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। (ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭)
