চাঁদাবাজি ভয়ংকর এক ব্যাধি, যা সমাজের নৈতিকতা, ন্যায়বিচার ও নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করে। এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে ক্ষতির কারণ হয় না, বরং রাষ্ট্রীয় স্তরেও অরাজকতা, দুর্নীতি এবং অব্যবস্থাপনার জন্ম দেয়। আজকের সমাজে চাঁদাবাজি যেন একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, যেখানে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নেওয়া হয়। দোকানপাট, পরিবহন, ব্যবসা কিংবা নির্মাণ খাতসহ প্রায় সব ক্ষেত্রেই চাঁদাবাজির করালগ্রাস বিরাজমান।
ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করেছে। এই ধর্ম অন্যায়ভাবে কারও সম্পদ গ্রহণকে কঠোরভাবে নিষেধ করেছে এবং এর বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছে। কোরআন ও হাদিসে চাঁদাবাজির মতো অন্যায় ও জুলুমের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা। ইসলাম অপরাধের প্রতিকার ও প্রতিরোধের লক্ষ্যে যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, তা সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর।
চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা, প্রশাসনিক জবাবদিহিতা এবং ধর্মীয় মূল্যবোধের জাগরণ অত্যন্ত জরুরি। কারণ এই অপরাধ সমাজের মূল ভিত্তিকে নাড়িয়ে দেয়, মানুষকে করে নিরাপত্তাহীন, ক্ষুব্ধ ও হতাশ। তাই ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে আমাদের এ ধরনের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া আবশ্যক।
চাঁদাবাজির সংজ্ঞা ও প্রকৃতি : চাঁদাবাজি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা জোরপূর্বক, ভয়ভীতি দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে কিংবা অবৈধ প্রভাব খাটিয়ে কারও নিকট থেকে অর্থ আদায় করা। এটি সরাসরি জুলুমের একটি রূপ। চাঁদাবাজি অনেক সময় ব্যক্তি পর্যায়ে, আবার কখনো কখনো রাষ্ট্র বা প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত অংশের মাধ্যমেও সংঘটিত হয়।
কোরআনের সতর্কতা : পবিত্র কোরআন জুলুম ও অন্যায়ভাবে সম্পদ আত্মসাতের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং বিচারকদের কাছে তা পৌঁছিও না, যাতে জেনে শুনে মানুষের সম্পদের একটি অংশ পাপপথে খেয়ে ফেলতে পারো।’ (সুরা বাকারা ১৮৮)
এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া হারাম। চাঁদাবাজির মাধ্যমে যেহেতু জোরপূর্বক সম্পদ নেওয়া হয়, তা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। অপর জায়গায় আল্লাহ বলেন, ‘যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা শুরা ৪২) চাঁদাবাজি একটি প্রকাশ্য জুলুম ও সীমালঙ্ঘন, যা সমাজে অরাজকতা সৃষ্টি করে।
হাদিসের সতর্কতা : অন্যায়ভাবে সম্পদ গ্রহণকে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে কারও সম্পদ গ্রহণ করে, সে কেয়ামতের দিন আগুন বহন করে আসবে।’ (সহিহ বুখারি, হাদিস ৬৫৩৮) চাঁদাবাজি যেহেতু জোরপূর্বক সম্পদ গ্রহণের একটি পদ্ধতি, তাই এ হাদিস তার ওপরও প্রযোজ্য।
নবী করিম (সা.) আরও বলেন, ‘তোমাদের মধ্যে যে প্রতারণা করবে, সে কেয়ামতের দিন তার প্রতারণা নিয়ে আসবে।’(সহিহ মুসলিম, হাদিস ১৮৩৩) চাঁদাবাজরা সাধারণত প্রতারণা, হুমকি ও ভয়ভীতির মাধ্যমে টাকা আদায় করে, যা এই হাদিসের আওতায় পড়ে।
ইসলামে চাঁদাবাজির সুযোগ নেই : ইসলামের শাসনব্যবস্থায় মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর আইন বিদ্যমান। ইসলামের নীতিমালায় সরকার, প্রশাসন বা কোনো সংগঠনের পক্ষে ব্যক্তির ওপর অবৈধ চাপ সৃষ্টি করে টাকা আদায়ের সুযোগ নেই।
প্রশাসনের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তাহলে সে আমানতের খেয়ানত করছে। নবী করিম (সা.) বলেন, ‘তোমাদের প্রত্যেকেই একজনই রক্ষক এবং প্রত্যেকেই তার অধীনদের ব্যাপারে দায়িত্বশীল।’ (সহিহ বুখারি ও মুসলিম) এই হাদিস প্রশাসনিক দায়িত্বের প্রতি ইঙ্গিত করে, যা চাঁদাবাজিকে সম্পূর্ণভাবে অবৈধ প্রমাণ করে।
চাঁদাবাজির পরিণতি : ইসলামে অন্যায়ভাবে সম্পদ গ্রহণের পরিণতি খুবই ভয়াবহ। এতে আল্লাহর অভিশাপ ও গজব নেমে আসে। কোরআনে বলা হয়েছে, জুলুমের কারণে একটি জাতির ওপর আল্লাহর গজব নেমে আসে। (সুরা নাহল ১১২) চাঁদাবাজির কারণে ব্যবসাবাণিজ্য বাধাগ্রস্ত হয়, নিরাপত্তা বিঘিœত হয় এবং সামাজিক আস্থা বিনষ্ট হয়। এর জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। কোরআন ও হাদিসে এসেছে, অন্যায়ভাবে উপার্জিত সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে।
আধুনিক সমাজ ও চাঁদাবাজি : বর্তমান যুগে চাঁদাবাজি নানা রূপে বিস্তার লাভ করেছে। যেমন ট্রান্সপোর্ট চাঁদা, দোকানপাট থেকে মাসিক চাঁদা, বিভিন্ন দলের নামে চাঁদা, পুলিশের নামে চাঁদা ইত্যাদি। ইসলাম এসব অনৈতিক কর্মকাণ্ডকে স্পষ্টভাবে হারাম ও অন্যায় বলেছে। এসব কর্মকাণ্ড সমাজে দুর্নীতি, দখলদারিত্ব, ভয়ভীতি এবং অসাম্য সৃষ্টি করে, যা ইসলামের মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।
চাঁদাবাজি থেকে মুক্তির উপায় : এক. ইসলামি শিক্ষার প্রচার করা। কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। দুই. আইন প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তিন. জনসচেতনতা বৃদ্ধি করা। জনগণের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। চার. দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ইসলামে অপরাধ প্রতিরোধের অন্যতম পদ্ধতি হচ্ছে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : চাঁদাবাজি একটি জঘন্য সামাজিক অপরাধ এবং ইসলাম এই অপরাধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। কোরআন ও হাদিসে এর শাস্তি ও নিন্দা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রসহ সবার উচিত এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ইসলামি নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা। ইসলাম এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কারও ওপর কোনো ধরনের জুলুম বা অন্যায় চাপিয়ে দেওয়া না হয়। চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনই ইসলামের এক গুরুত্বপূর্ণ আদর্শ।
