সৌদি আরবের জেদ্দা থেকে হাজিদের নিয়ে উড্ডয়নের সময় রানওয়ের কাছাকাছি এসেও ফিরে গেল ফ্লাইট । যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটি । পরে রানওয়ে থেকে ফিরে যায় ফ্লাইটটি। এতে ভোগান্তিতে পড়েছেন ওই বিমানে থাকা হাজিরা।
ফ্লাইট ছাড়ার কথা ছিল সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাত ১টার দিকে। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত ফ্লাইট বাতিল করা হয়।
শুক্রবার রাত ১টার দিকে বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্য যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাত্রীদের নিয়ে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নেয়। কিন্তু পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি রানওয়ে থেকে ফিরে যায় এবং যাত্রীদের অপেক্ষা করতে বলে কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ধরে সবাই বিমানের ভেতর বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, যাত্রী নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের সময় পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় পুশব্যাকের চেষ্টা করেন পাইলট। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফেরত এসে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেন।
তিনি আরও বলেন, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছি।
হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭, সৌদি এয়ারলাইন্স ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে।
হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।
