রোজা রাখতে হবে আল্লাহর খুশির জন্য

রোজা এমন এক ইবাদত যার প্রতিদান ফেরেশতারা লিখতে অপারগ। কলমের কালি যার হিসাব লিখতে অক্ষম। রোজার প্রতিদান নিয়ে ভাবনা সাধ্য কার! মহান রবের বিশালতার সাথে রোজার প্রতিদানও মিশে আছে। রোজা একমাত্র মহান রবের জন্য। মহান আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেবেন। এমন বরকতময় রমজান প্রতিবার আমাদের কাছে আসে মাস পেরিয়ে আবার সে এক বছরের জন্য বিদায় নেয়। এভাবে আমাদের জীবনে অনেক রমজান পেরিয়ে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। পৃথিবীর সব আমল শেষ হয়ে যায়। শুরু হয় তার ফল লাভ, তার প্রাপ্তি, তার পুরস্কার।

পুরো মাস আমার আত্মার চিকিৎসা করলাম। কিন্তু আত্মার রোগ বালাই দূর হলো না। আমার আত্মা পরিশুদ্ধ হলো না। আমার মাওলা আমাকে আত্মশুদ্ধির জন্য ঠিকই প্রেসক্রিপশন দিয়েছেন। কিন্তু আমি ওষুধ সেবনে ভুল করে চলছি, নিয়মিত, নিয়মমতো ওষুধ সেবনে আমার যথেষ্ট খামখেয়ালি রয়েছে। তাই আমার রোগ ভালো তো হয়ই না উল্টো অনেক সময় রোগ আরো বেড়ে যায়। আসুন আমার অবস্থা আমি নিজে যাচাই করি, নিজেকে একট ঝালাই করে নেই, নিজেকে একটু যাচাই করি-

রমজান সংযম, না কি অপচয়ের মাস : রোজাকে আমরা সবাই সংযমের মাস বলি। আসলে রোজা সংযমের মাস। কিন্তু বাস্তবতায় দেখা যায় রোজাকে আমরা অপচয়ের মাস বানিয়ে নিয়েছি। রমজান এক উৎসবের মাসে রূপ নিয়েছে। এই মাসে খরচ বেশি। এই মাসে বাজার বেশি। রোজার মাসে আমরা সবচেয়ে বেশি খাবার খাই। সবচেয়ে বেশি খাবার নষ্ট করি। ইফতারি আর সাহরিতে এত আইটেম আর এত খাবার তৈরি হয়, যা আমরা প্রচুর খেয়েও শেষ করতে পারি না। অনেক খাবার নষ্ট হয়। অপর দিকে, অনেক মানুষ এমন আছে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে তাদের খবর রাখারও সুযোগ হচ্ছে না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা অপচয়কারীকে ভালোবাসেন না। কেননা অপচয়কারী শয়তানের ভাই। শয়তানের ভাই সেজে আমি কিভাবে মাওলার প্রিয় হতে পারি? বেশি খাওয়া নয়। অপচয় নয়। তবেই রমজান হবে সংযমের মাস।

এটি কি খেলাধুলার মাস : রমজানে একটি নফল আদায় করলে অন্য মাসের একটি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। একটি ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। এই মাসে যত বেশি ইবাদত করা যাবে ততই বেশি লাভ হবে। কিন্তু আমরা রমজানকে আমোদ প্রমোদ, বিনোদন আর খেলার মাস বানিয়ে নিয়েছি। সময় কাটানোর জন্য আমরা ক্রিকেট খেলা দেখাসহ আরো বিভিন্ন খেলায় লিপ্ত থাকি। রমজানকে খেলার মাস বানিয়ে আল্লাহর সন্তুষ্টির আশা করা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে?

এটি কি পাপপূর্ণ বিনোদনের মাস : রমজান মাসে অন্য মাসের তুলনায় একটু অবসর বেশি। অফিস সময় কম। ব্যবসায় সময় কম। এই অবসর সময়কে নিয়ামত মনে না করে কষ্টকর মনে করি। তাই এই সময় কাটানোর জন্য টিভি দেখা, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় প্রচলিত পাপপূর্ণ বিনোদনে মত্ত হই। আমার উচিত ছিল, এই অবসর সময়ে ইবাদতের মিষ্টতা গ্রহণ করা।

 

এনএএন টিভি