হজ শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ হাজি

হজ কার্যক্রম সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৩৬৮ জন হাজি। এ সময় পর্যন্ত হজ করতে গিয়ে মারা গেছেন ১০৪ জন হজ যাত্রী।

শুক্রবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত হজ মন্ত্রণালয়ের হজ বুলেটিনের ওয়েবসাইটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস,

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ সংখ্যা রয়েছে।

 

হজের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১৩৯টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৫৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৫৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৭টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না।

এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে।

নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ১০৪ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৭৯ জন, মহিলা ২৫ জন।

তাদের মধ্যে মক্কায় ৮৬, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজপালনে সৌদি আরব যান।

এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন,

সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

আরও পড়ুন :

এনএএন টিভি