দীর্ঘ এক দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে স্বাগত জানান।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এক নজর দেখতে উন্মুখ হয়ে আছেন জেলার সাধারণ মানুষ।
এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত করবেন। এ ছাড়া বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি।
