গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এতো পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করবে, তাদের গ্রেপ্তার করা হবে‌। কাউকে ছাড় দেওয়া হবে না।

গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হয় চারজন।

এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের হাত ছিল বলে অভিযোগ এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

 

এনএএন টিভি