আজ ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ঢাকায় বৃষ্টিপাত কমতে পারে। এরপর আবার বাড়তে পারে। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহ জেলায়। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।
