প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাহী প্রশাসন সংক্রান্ত সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে এ আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
