আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. মুহাম্মদ ইউনূস

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে আজ শনিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি।

কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ড. মুহাম্মদ ইউনূস।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ও সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ড. ইউনূসের।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি।

আবু সাঈদের পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ড. ইউনূসের আগমন উপলক্ষে।

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান পুলিশ সদস্যরা। সংঘর্ষ যখন তুঙ্গে, তখন আবু সাঈদ দুহাত দুদিকে প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন রাস্তায়। এক হাতে তার ধরা ছিল লাঠি। তার আহ্বান যেন বলছিল, গুলি চালালে আমার বুকে চালান, আমার বন্ধুদের বুকে নয়! তার হয়তো বিশ্বাস ছিল, এই আহ্বানে শান্ত হয়ে আসবে পরিবেশ। কেউ গুলি চালাবে না। কিন্তু, তা হলো না। বুলেট তেড়ে এসে বিঁধে গেল আবু সাঈদের বুকে। এরপরও দাঁড়িয়ে ছিলেন তিনি। তারপর আবারও গুলি। পরে রাস্তার ডিভাইডার পার হলেন। শান্ত, নির্মল চেহারার সাঈদ বসে পড়েন সেখানেই। তারপর ঢলে পড়েন রাস্তায়। পরে জানা যায়, তিনি মারা গেছেন। তারপর থেকেই শহীদের খেতাব ও আইকনিক ছবি হয়ে ওঠেন আবু সাঈদ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন সেই আবু সাঈদ। সেই সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ শনিবার (১০ আগস্ট) রংপুরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি।

এনএএন টিভি