জুলাই আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়ে ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।
এর আগে এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার আট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে সকাল ৯টার পর তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
গত ২ জুলাই জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এছাড়া গ্রেফতার আট আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আসামিদের গ্রেফতারে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত করতে বলা হয়েছে। এরপর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকউটর গাজী এমএইচ তামিম।
ট্রাইব্যুনালে এ মামলায় ১১ আসামির নাম উল্লেখ করেছে প্রসিকিউশন।
তারা হলেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ আসামির মধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

One Reply to “পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ:ট্রাইব্যুনাল”
Comments are closed.