বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ আর দেখা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, ‘অভিশপ্ত ‘‘নৌকা’’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’
নৌকা প্রতীক রাখা নিয়ে আলোচনা শুরু হয় নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধন ঘিরে। এই খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামীর পুনর্ব্যবহৃত নিবন্ধনের পর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও যোগ হয়েছে। তবে নিবন্ধন স্থগিত থাকলেও আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ তাতে বহাল রাখা হয়, যা নিয়ে সমালোচনা তৈরি হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।
একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

One Reply to “ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল :ইসি”
Comments are closed.