উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও শোক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে বিশ্বের বহু নামকরা গণমাধ্যম।

‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়।

‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। এই সংস্থাটিও খবর প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দেয়

আরেক মার্কিন গণমাধ্যম নিউজউইকও ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে এ খবর জানিয়েছে।

আইএসপিআর বলেছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেসসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এ বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

 

এনএএন টিভি