গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও পাঁচ পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে।

এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেফতার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি বিকেলে অনুষ্ঠিত হবে।

এদিকে, বৃহস্পতিবার (১ আগস্ট) পুলিশের হেফাজতে থাকা তিন পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পান।

একইদিন রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।

এ ছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু।

আরও পড়ুন : কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক-জনতার ঢল

রেকর্ড বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, চরম দুর্ভোগে মানুষ 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রহনপুর পৌরসভার সহায়তা 

সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা

এনএএন টিভি