জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা

আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে তাঁর সঙ্গে থাকবেন ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ. কে. এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে সফরসঙ্গীদের নামের তালিকা জানা গেছে। গত ৪ সেপ্টেম্বর তিনি চিঠিতে স্বাক্ষর করেছেন।

সাত সদস্যের প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন- ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাব্বীর আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

এর আগে, গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

বিফ্রিংয়ে জানতে চাওয়া হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না। জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত, কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরমেট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

এনএএন টিভি

Share this news as a Photo Card