জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

বিধিমালা সংশোধন করে জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম করেছে সরকার। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে সংশোধন আনা হয়েছে।

এ সংশোধনের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করা হয়।

পতাকা বিধিমালায় সংশোধন এনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে।

পতাকাদণ্ডের কোথায় পতাকা রেখে পতাকা অর্ধনমিত করতে হবে, বিধিমালায় বিষয়টি আগে নির্ধারিত ছিল না।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংগীত,

পতাকা এবং প্রতীক অধ্যাদেশ, ১৯৭২’ এর আর্টিকেল-৫ এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে সংশোধন এনেছে।

বিধিমালার বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে।

নতুন ১২ অনুচ্ছেদে বলা হয়েছে- অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে।

এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে।

ওই দিবসে পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, এরপর নামাতে হবে।

তবে আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকা স্থাপন করার বিষয়টি সংযুক্ত ছিল না।

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card