ঢাকায় আসছেন টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)–এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ তিন দিনের সফরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। ২০২৩ সালে টিআইয়ের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

সোমবার (১ সেপ্টেম্বর) টিআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ই এ সফরের মূল লক্ষ্য। সফরে তিনি টিআইবির কর্মী, দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ৬৫টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ ছাড়া সরকারি ও বেসরকারি খাতের অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও বৈঠক করবেন।

খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআই-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত আছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই–ফ্রান্সের বোর্ড সদস্য হিসেবে অবৈধ অর্থ প্রবাহ ও পাচার, কৌশলগত আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক শুদ্ধতা বিষয়ে কাজ করেছেন। তার নেতৃত্বে টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে ব্যবসায়িক শুদ্ধতার অংশ হিসেবে জি–২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতিবিরোধী কার্যক্রম শুরু হয়। পেশাগত জীবনে সরকারি ও বেসরকারি উভয় খাতে কাজ করেছেন। তিনি ফ্রান্সের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সিএসএএম–এর সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিশ্বের অন্যতম বৃহৎ ও সক্রিয় জাতীয় চ্যাপ্টার। এই সফরে সংগঠনটির কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরাসরি দেখার সুযোগ পাবেন টিআই চেয়ারম্যান।

এনএএন টিভি