দেশের সব বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। এ অবস্থায় ঢাকাসহ দেশের ৫ বিভাগের দুয়েক জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির প্রবণতা ৩ দিন অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এর পরের ৪৮ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। পরের ২৪ ঘণ্টা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পটুয়াখালীর খেপুপাড়ায় সোমবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের অন্যান্য জায়গায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের অনেক ওপরে ছিল। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

Comments are closed.