সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।
বুধবার (২৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে দশটায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিন বিচারককে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
তিন বিচারপতি হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো.শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।
