শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। দিনক্ষণ নির্ধারণ না হলেও প্রধান নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে।
আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এসংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘বদলীকৃত কর্মকর্তাগণ আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তারিখে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।’
বদলীকৃত ৭১ নির্বাচন কর্মকর্তার বেশির ভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপ–সচিব মো. আতিয়ার রহমানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ–সচিব, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ–সচিব রাশেদুল ইসলামকে নির্বাচন পরিচালনা–১ অধিশাখার উপ–সচিব করা হয়েছে।
এদিকে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া ১৭ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অন্য আরেক প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআইতে উপপরিচালক করা হয়েছে এবং ১৭ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

One Reply to “জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একসঙ্গে ইসির ৭১ কর্মকর্তা বদলি”
Comments are closed.