পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

বাংলাদেশের সাবেক ও বর্তমান কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এবং সরকারি নথি পর্যালোচনা করে অতীতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। কূটনৈতিক সূত্র জানায়, চলমান দ্বিপক্ষীয় বৈঠকে সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যেসব চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেগুলো হলো-
দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি। দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা সই।

এনএএন টিভি