বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’ নামকরণ

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম, এর নতুন নাম এখন ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাম বদলানো সংক্রান্ত বাকি কাজ অবিলম্বে সম্পন্ন করবে পরিষদ।

পল্টনে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এর নাম রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’।

শুরুর দিকে এতে সব ধরনের খেলা অনুষ্ঠিত হলেও পরে ফুটবলই প্রধান হয়ে উঠে। এই মাঠেই বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে তাদের প্রথম টেস্ট ম্যাচ, প্রতিপক্ষ ছিল ভারত, এখানে অবিভক্ত পাকিস্তান দলও প্রথম টেস্ট খেলেছিল, সেবারও প্রতিপক্ষ ছিল ভারত।

৩৬ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে মোট ১৭টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে হয়েছে। আর এখন ফুটবল প্রধান হয়ে উঠা মাঠটিতে হয়েছে ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ ও ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ।

এনএএন টিভি