কুয়াশায় ঢাকা ভোরে তখনো খোলেনি দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের ১নং ডিপোর যাত্রীদের প্রবেশ গেট। কিন্তু এরই মধ্যে টিকিট কাটতে লাইনে শতাধিক নারী-পুরুষের সারি।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪২ মিনিটে দায়িত্বরত আনসার সদস্যরা প্রবেশ গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিপোর টিকিট কাউন্টারের দিকে প্রবেশ করতে শুরু করে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রোরেলে চড়তে যাওয়া যাত্রী সাধারণরা।
কাউন্টারে গিয়ে দেখা যায়, সবাই যখন ডিজিটাল টিকিট ভেন্ডিং মেশিন আবার ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট সংগ্রহে ব্যস্ত; ঠিক তখন টিকিট সংগ্রহকারী প্রথম ব্যক্তি হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সোহরাব হোসেন বিপ্লব।
জনসাধারণের জন্য মেট্রোরেল যাত্রার প্রথম দিনে প্রথম টিকিট সংগ্রহকারী হিসেবে অনুভূতি জানতে চাইলে বিপ্লব বলেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। হয় তো আমাকে দেখে বুঝতেই পারছেন আমার কতটা ভালো লাগছে। আমি প্রথম যখন মেশিনে ক্লিক করি তখন টিকিট ভেন্ডিং মেশিনে স্পর্শ করেই মনে হচ্ছিল আজকের দিনের প্রথম টিকিটটি আমিই পেতে যাচ্ছি। এটা সত্যিই আমার কাছে অন্যরকম অনুভূতি। অনেক ভালো লাগছে, এটা আমার কাছে একটা অর্জনও।
টিকিট কাটতে মেট্রোরেল স্টেশনে কখন আসা হয়েছে জানতে চাইলে বিপ্লব জানান, সকাল ৬টায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে মিরপুর থেকে সাইকেল চালিয়ে দিয়াবাড়ির এই মেট্রোরেল স্টেশনে আসি। আমাদের প্ল্যান ছিল দিয়াবাড়ি থেকে আগারগাঁও যাব এবং সেখান থেকে আমরা আবার দিয়াবাড়িতে ব্যাক (ফিরে) আসব। সেজন্যই ভোরে এসেছি এবং প্রথম টিকিট সংগ্রহ করতে পেরেছি।
প্রথম টিকিট সংগ্রহকারীদের একজন হতে পারার অনুভূতি জানতে চাইলে সোহরাব হোসেন বিপ্লবের পাশে দাঁড়িয়ে থাকা তার সহপাঠী রিফাত জিৎ জানান, আমাদের প্ল্যান একটাই ছিল যে, আমরা ইতিহাসের অংশ হবো। আমরা ভোরে যখন সাইকেল চালিয়ে মিরপুর থেকে উত্তরার দিকে আসছিলাম তখনও কুয়াশায় আমাদের হাত-পা জমে যাচ্ছিল। কিন্তু তারপরও আমরা থামি নাই। আমরা প্রথম টিকিট কাটতে পারছি এটাই আমার কাছে বড় একটা অর্জন বলে মনে হচ্ছে।
ভোর থেকেই রাজধানীর দিয়াবাড়ির মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে টিকিট কেটে স্বপ্নের মেট্রোরেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা মেট্রোরেল নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার নানান কথা জানিয়েছেন।
টিকিটের অপেক্ষায় সবার সামনে সারিতে দাঁড়িয়ে থাকা তাসনিম ইসলাম জানান, সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার মাঝে যে উদ্দীপনাটা কাজ করছে এটা এখানে আসার আগ পর্যন্ত ছিল না। এত মানুষের ভিড়ে একেবারে সামনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য অপেক্ষা করতেও নিজের মধ্যে অনেক ভালো লাগছে। তবে জানি না সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত সবার আগে টিকিটটা কাটতে পারব কি না। তবে সত্যিই এখন বিষয়টা উৎসবের মতো মনে হচ্ছে।
উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে মেট্রোরেল যাত্রী আসিফ জানান, আমি যাব মিরপুরে। বাসেই যাওয়ার কথা ছিল। কিন্তু ভাবলাম যেহেতু মেট্রোরেল চালু হয়েছে তাই সব চিন্তা বাদ দিয়ে এখানে চলে এসেছি। অনেক ভালো লাগছে।
মেট্রোরেলের সেবা নেওয়া রহমত উল্লাহ নামে ষাটোর্ধ এক ব্যক্তি জানান, মেট্রোরেল ডিপোর পাশেই আমার বাসা। আগারগাঁও প্রতিদিনই যাওয়া আসা করতে হয়। এখন বাড়ির পাশে মেট্রোরেল হওয়ায় অন্তত ঢাকা শহরের যানজট থেকে মুক্তি পাব বলে আশা করছি। আজকের এই যানজটমুক্ত যাত্রা সত্যিই আমাকে অনেক আনন্দিত করেছে। মেট্রোরেল সত্যিই আমাদের গর্ব।
