পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে কি না সে বিষয়ে আপিল বিভাগে আজ শুনানি হবে। ফলে আজই জানা যাবে, রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে কি না।
আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল এই আদেশ দেন।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।

Comments are closed.