বিদেশে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি ও শ্যালক তানভীর আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদুকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদুকের নারায়ণগঞ্জের সুজেকায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক নেয়ামুল গাজী।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও গোদনাইলের কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান লিপিকে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে শামীম ওসমানের শ্যালক ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদকে।
সালমা ওসমান এবং তানভীর আহমেদের নেতৃত্বে পরিচালিত কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক কল আনয়ন ও সেবা রপ্তানির জন্য বিটিআরসির অনুমোদিত অপারেটর।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং তার (৯টি) ব্যাংক হিসাবসমূহে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়-মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার (শামীম ওসমান) বিরুদ্ধে ১টি মামলা করা হয়।
তিনি আরও বলেন, আসামি সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার (৮টি) ব্যাংক হিসাবসমূহে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ও দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে ১টি মামলা করা হয়েছে।
এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান এবং কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় আলাদা দুইটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
