আজ বৃহস্পতিবার (৯ মে) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (৮ মে) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সব বিভাগের ওপর দিয়ে।
আরেক বিজ্ঞপ্তিতে কালবৈশাখী ঝড়ের সতর্কতার কথা জানিয়ে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Comments are closed.