১১ জেলার ওপর দুপুর ১টার মধ্যে ১১ জেলায় ঝড়ের আশঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের ১১ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশেও ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৬৯ মিলিমিটার। এ ছাড়া সাতক্ষীরায় ৬৪, পটুয়াখালীতে ৪০, কক্সবাজারে ৩৭, খেপুপাড়ায় ৩৫ ও কয়রায় ২৩ মিলিমিটারসহ দেশের আরও কয়েক অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card