জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তার কাজে বাধা, গালিগালাজ ও মারধরের অভিযোগের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।

এর আগে, সকালে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

এজাহারে বলা হয়, অক্টোবরের ১ তারিখ মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়ায় উত্তেজনা তৈরি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। কিন্তু তার সঙ্গে অশালীন আচরণ করেন মেজর আখতারুজ্জামান। এমনকি হুমকিও দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরে সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকেও লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে এজাহারে।

এছাড়াও যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে সাবেক এমপির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে।