বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকেই এ টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে  এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এম হুমায়ুন কবির। তিনি জানান, আজ সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, যাত্রীরা যেন বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। এবার সাপ্তাহিক ছুটি এবং পয়লা বৈশাখের ছুটি মিলিয়ে ৫-৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে।