হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ক্যারম খেলায় বাজি ধরা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
বৃহস্পতিবার (২১ মার্চ) ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। এতে অনেকেই আদায় করতে পারেনি তারাবির নামাজ।
জানা যায়, বৃহস্পতিবার ইফতারের পর দুই যুবক ক্যারম খেলায় বাজি ধরেন। বাজিতে হার-জিত নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিরোধটি গ্রামে চলে যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে চলে সংঘর্ষ।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ অজয় চন্দ্র জানান, অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Comments are closed.