সারা দেশের সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের জন্য সব থানাকে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া তল্লাশিচৌকি ও টহল জোরদারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি থানার একজন ওসি নাম প্রকাশ না করার শর্তে বলেন, একাধিকবার ডিএমপি সদর দপ্তর থেকে ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। তারপর পুলিশ পরিদর্শনে গিয়ে দেখেছে, কোনো কোনো ব্যাংকের নিরাপত্তাকর্মীর সঙ্গে অস্ত্র নেই। আবার কোনো কোনো ব্যাংকের নিরাপত্তাকর্মীকে দিয়ে নিরাপত্তা নিশ্চিতের বদলে অন্য কাজ করানো হচ্ছে।
এ সময় ওসি আরও বলেন, বিষয়গুলো নিয়ে তারা সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বলা হয়।
গত বুধবার অস্ত্রধারী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা বান্দরবানের থানচিতে হামলা করে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে। এরপর গতকাল রাতেও থানচিতে থানায় গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং দিবাগত রাত পৌনে একটার দিকে বান্দরবানের আলীকদম থানার ডিম পাহাড়ের ২৬ মাইল এলাকায় পুলিশ ও সেনাদের যৌথ তল্লাশিচৌকিতে হামলা চালায় সন্ত্রাসীরা।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এসব ঘটনার নেপথ্যে রয়েছে কেএনএফ।
এদিকে বান্দরবানে হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার ব্যাংকে লেনদেন সাময়িক স্থগিত করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে ব্যাংকের পাশাপাশি সারা দেশেই নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
