স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।
এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। কিছু পরীক্ষা করানোর প্রয়োজনে উনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
