২০২৫ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ছুটির তালিকায় দেখা গেছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী ৭৫ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি চলবে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দিন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। ৩ জুন থেকে ১৬ জুন এই ছুটি চলবে। মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা উপভোগ করতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে জানিয়ে।
ছুটির তালিকায় নির্দেশনা দেয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুদিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসায় যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ি ও দাখিল স্তরে অর্ধবার্ষিকী পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওড় অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওড় অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রধানরা মোট ছুটি ঠিক রেখে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে দশ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থায়ই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অনুমতি নিতে হবে আগে থেকে।
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
প্রত্যেক মাদ্রাসায় দৈনিক পাঠের ডায়েরি ছাপানোর নির্দেশনা দিয়েছে সরকার। ডায়েরিতে ছাত্র-ছাত্রীর পরিচিতি, আচরণবিধি, অভিভাবকের প্রতি পরামর্শ, শিক্ষকদের নাম, ধর্মীয় ও নৈতিক শিক্ষার জরুরি নির্দেশাবলি, ছুটির তালিকা, ক্লাস রুটিন অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় দিবসে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
