চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালের দিকে কিছু ভোটার চোখে পড়লেও দুপুরের দিকে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
ভোটগ্রহণ কর্মীরা ভোটারের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন।
সকাল ৮টায় এই আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালের দিকে কিছু ভোটার চোখে পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটা অনেক কমে আসে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করলেও এখন পর্যন্ত তা চোখে পড়েনি।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির আভাস
আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ছাড়া অনেক কেন্দ্রে অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। সব কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা অবস্থান করছেন।
সকাল আটটায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ
নগরীর বহদ্দারহাট মোড়ে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এ সময় তার সঙ্গে দলের বেশকিছু নেতাকর্মী ছিলেন।
চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৯ হাজার। সেখানে বেলা ১১টা পর্যন্ত ৬০টি ভোট পড়েছে।
সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের ১০৮ নম্বর কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২৩টি;
যেখানে সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আরিফুজ্জামান।
জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতে এ উপনির্বাচনে তেমন কোনো উত্তাপও নেই।
উপনির্বাচনে এমপি হতে মোট পাঁচজন অংশ নিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে,
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং
স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন। বিএনপি ও জাতীয় পার্টি এই উপ-নির্বাচনে প্রার্থী দেয়নি।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
