পতিত অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি’।
শুক্রবার (২৭ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করব।
ব্যারিস্টার রুমিন ফরহানা আরও বলেন, সরাইল-আশুগঞ্জের কাক্সিক্ষত উন্নয়ন চাইলে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাতকে শক্তিশালী করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা ও বিএনপির হাতকে শক্তিশালী করা।
দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় প্রমুখ।
