৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি পুনর্বহাল করার দাবি জানিয়েছেন ।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বেদিতে মহানগর ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানানো হয়।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহি-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে।

তিনি বলেন, বিএনপি সরকারের আমলে এ দিনটিতে ছিল সরকারি ছুটি। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। তাই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী স্বত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বরে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, সদস্য আল মামুন সাদ্দাম ও দেলোয়ার হোসেন শিশিরসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড শাখার নেতারা।

Share this news as a Photo Card