ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।

জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। সোমবার আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়েছে। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে। তবে আবার তারা বৈঠকে যোগ দিয়েছে।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপকড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। এ দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।

কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

 

এনএএন টিভি