আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ফেসবুকে পোষ্ট, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ছাত্রলীগের ব্যানারে কেক কেটে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুময়ায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯), মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগা হয়ে গভীর রাতে গোপনে এ কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠান স্থলের মাঠে শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি রাখা হয়। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’

এ ঘটনার অভিযান চালিয়ে বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ এর ধারায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে