গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান। তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি। যার প্রথম পদক্ষেপ জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে, আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।’
তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী সব পক্ষ, যার মধ্যে বিএনপি ও এর জোটসঙ্গীরা রয়েছে—সংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনা বিজয়ী হতে হবে। দেশকে অবশ্যই দলবাজি, সহিংসতা ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে আমাদের সহিংস জনতার সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।
