উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এলাকার নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে শহরের ছায়াবীথি এলাকায় একটি কলেজ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ৮ দফা ইশতেহার ঘোষণা করে এমএম নিয়াজ উদ্দিন বলেন,

‘জনবহুল গাজীপুর সিটি কর্পোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সাথে সহযোগিতায় পরিকল্পিত ও আধুনিক নগর হিসাবে তোলার জন্য তিনি অঙ্গীকারাবদ্ধ।’

‘শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদরাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

‘ছেলে-মেয়েদের জন্য ওয়ার্ডভিত্তিক লাইব্রেরি স্থাপন ও নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে সড়কে বাতি ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে।’

‘নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগর বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে।’

‘এছাড়া, রাস্তা প্রশস্তকরণ এবং ড্রেনসহ টেকসই রাস্তা নির্মাণ, ফুটপাত নির্মাণ ও যানযট নিরসনের জন্য জয়দেবপুর রেল ক্রসিং এ ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হবে।’

‘নগর বাসীর চলাচলের জন্য চক্রাকার সিটিবাস ও ঢাকা পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।’

‘স্বাস্থ্যসেবায় প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি হেলথ সেন্টার,  গার্মেন্টস্ শ্রমিক ও অন্যান্য শ্রমিকদের জন্য শ্রম হাসপাতাল নির্মাণ করা হবে।’

‘এছাড়া শ্রমিকদের আবাসন, শিশু পার্ক নির্মাণ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, নদীর দূষণ রোধে ব্যবস্থা নেওয়াসহ নানা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।’

আরও পড়ুন :

Share this news as a Photo Card