আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে। পাঁচ মাস হাসপাতালে থেকে বাসায় ফেরার পর এবারই প্রথম স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া।
এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে তাঁর বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর।যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাঁকে বাসায় নেওয়া হয়। এখন আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে।দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

Comments are closed.