২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা সবগুলো ম্যাচে একবারের জন্যও পিছিয়ে পড়েনি ফ্রান্স কিংবা স্পেন। তবে দুই দলের সেমিফাইনাল শেষে এই অনন্য রেকর্ড ধরে রাখতে পারবে মাত্র একটি দল।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। এটিই হবে বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার ঘটনা। এর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে স্পেনকে ৩-১ এ হারিয়েছিল লে ব্লুজ’রা।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্স এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৪ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ২টি।
দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে রয়েছেন দুর্দান্ত ছন্দে। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড এবারও ৮ গোল করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। একই সঙ্গে বিশ্বকাপে মেসির ২১ গোলের ক্যারিয়ার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।
ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও বলেন, এ পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, তাতে আত্মবিশ্বাসী হওয়ারই কথা। তবে শুরু থেকেই যে বিনয় আমাদের পরিচয় হয়ে উঠেছে, সেটি ধরে রাখাও গুরুত্বপূর্ণ।
মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ২০ ম্যাচে ২০ গোল করে ফেলেছেন এমবাপ্পে। ২০১৮ সালের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েছিলেন তিনি।
তবে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করার পর ৭৭তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। যদিও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, তারকা এই ফরোয়ার্ড পুরোপুরি সুস্থ আছেন এবং সেমিফাইনালে খেলতে কোনো সমস্যা হবে না।
অন্যদিকে, স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও দারুণ ছন্দে রয়েছেন। সোমবার ১৯ বছরে পা দেওয়া এই উইঙ্গার এরই মধ্যে ফ্রান্সের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ সেমিফাইনালে জয় উদযাপন করেছেন।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ১৭তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে ফ্রান্সের বিপক্ষে গোল করে স্পেনকে ২-১ ব্যবধানে জিততে সাহায্য করেছিলেন ইয়ামাল। এরপর গত বছর উয়েফা নেশনস লিগেও ফ্রান্সকে ৫-৪ গোলে হারানোর ম্যাচে স্প্যানিশদের অন্যতম ভরসা ছিলেন তিনি।
এবার বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। যেখানে একটি দল নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করবে, অন্য দলের শেষ হবে শিরোপার স্বপ্ন।
