ডালাসের মাঠে অস্ট্রিয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামার আগে আর্জেন্টিনা শিবিরে এখন রণকৌশলের চেয়েও বেশি জায়গা করে নিয়েছে আবেগ আর মানবিক বন্ধন।
আগামী বুধবার (২৪ জুন) বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে বিশেষ এই দিনটির আগে মেসির পরিবারে বইছে ঝড়ের হাওয়া; তার বাবা হোর্হে মেসি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জন্মদিনের আনন্দ আর বাবার অসুস্থতার এই কঠিন মানসিক দোলাচলের মাঝে আজ সংবাদ সম্মেলনে এসে প্রিয় শিষ্যের প্রতি গভীর ভালোবাসা ও সংহতি প্রকাশ করেছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।
মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজী হননি কোচ। তবে স্পষ্ট করে দিয়েছেন যে, এই সংকটে মেসি একা নন, পুরো আর্জেন্টিনা দল তার পরিবার হয়ে পাশে দাঁড়িয়েছে। স্কালোনি বলেন, আমরা বিশ্বাস করি, এটি এমন একটি দল যারা ভালো এবং খারাপ উভয় মুহূর্তেই একসাথে লড়াই করে। আমরা জানি, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকা সবসময়ই পরিস্থিতিকে কিছুটা সহজ করে তোলে। আমরা সবাই এখন সেটাই অনুভব করছি এবং লিওর কথা থেকেও বুঝতে পেরেছি ও নিজেও ঠিক একই রকম অনুভব করছে। এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।
২৪ জুন ডালাসের ডেরায় জন্মদিন উদযাপনের আগেই মহাতারকার জন্য বিশেষ এক আগাম উইশ বা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সংবাদ সম্মেলনে যখন সবাই মেসির ৩-০ গোলের আলজেরিয়া ম্যাচের হ্যাটট্রিক কিংবা নতুন রেকর্ড নিয়ে কথা বলেন, আমি শুধু মন থেকে চাই ও যেন সুখী থাকে আমরা সবাই আসলে এটাই চাই।
