গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সন্ধ্যায় কানাডা যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়’ লিটন কুমার দাস।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে বিমানে উঠবেন লিটন।
প্রসঙ্গত, এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ‘সারে জাগুয়ার্সে’র হয়ে খেলবেন লিটন।
সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামী ক্রিকেটাররা রয়েছেন।
সাকিব আল হাসানও কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরে খেলবেন।
আন্দ্রে রাসেলের সঙ্গে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে।
সাকিব কবে, কখন যাবেন – তা এখনও ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, দু-একদিনের মধ্যে তিনিও চলে যাবেন।
৬ দলের অংশগ্রহণে আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রতিটি দলে থাকবেন ১৬ জন করে। এর মধ্যে দু’জন আইকন ক্রিকেটার।
সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স আর লিটনের সারে জাগুয়ারস ছাড়াও অন্য দলগুলো হচ্ছে- মিসিসাউগা প্যানথারস, ব্রাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।
২০১৯ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেবার শিরোপা জিতেছিল ব্র্যাম্পটন উলভস।
করোনা মহামারির কারণে পরবর্তী তিন বছর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের কোনো আসর অনুষ্ঠিত হয়নি।
প্রথমবারের মতো প্রতিযোগিতাটিতে খেলবে সারে জাগুয়ারস ও মিসিসাউগা প্যানথারস। আগের আসরের দু’টি ফ্র্যাঞ্চাইজি উইনিপেগ হকস ও এডমন্টন রয়্যালস নেই এবারের আসরে।
আরও পড়ুন :
