ইতিহাস গড়লেন সাবালেঙ্কা, সেরেনার পর টানা দুইবার চ্যাম্পিয়ন

দাপুটে পারফরম্যান্সে ইউএস ওপেনে বিরল কীর্তি গড়লেন আরিনা সাবালেঙ্কা। নারী এককের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৩) গেমে হারিয়ে টানা দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জিতলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা।

যুক্তরাষ্ট্রের হার্ড কোর্টের এই গ্র‍্যান্ড স্লামে প্রায় ১১ বছর পর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলেন কেউ। সবশেষ ২০১৪ সালে এই কীর্তি গড়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

সেরেনার পাশে বসার পাশাপাশি গ্র‍্যান্ড স্লাম ক্যারিয়ারে ১০০তম জয় পাওয়ার আনন্দেও ভেসেছেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। চলতি বছর এটিই তার প্রথম গ্র‍্যান্ড স্লাম। সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ।

এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় সাবালেঙ্কার। আর এবার পরপর দুই ফাইনালে হারলেন আনিসিমোভা। উইম্বলডন ফাইনালে তাকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ইগা শিয়াটেক।

ফ্ল্যাশিং মিডোতে হওয়া ফাইনালের দ্বিতীয় সেটে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পাওয়া মাত্রই হার্ড কোর্টে হাঁটু ভেঙে বসে পড়েন সাবালেঙ্কা। এসময় আবেগের স্রোতে ভেসে যান বেলারুশ তারকা। তার চোখেমুখে ছিল স্বস্তির ছাপ।

পরে অনুভূতি জানাতে গিয়েও স্বস্তির কথা বলেন নাম্বার ওয়ান তারকা।

সেই মিশনে সাবালেঙ্কার কাজ মোটেও সহজ ছিল না। কারণ আনিসিমোভার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৩-৬ ব্যবধানে পিছিয়ে ছিলেন সাবালেঙ্কা। সবশেষ উইম্বলডনের সেমি-ফাইনালে আনিসিমোভার কাছেই হেরেছিলেন তিনি।

সেসব পেছনে ফেলে ৩৮ মিনিটের প্রথম সেটে দাপুটে জয়ই পায় সাবালেঙ্কা। দ্বিতীয় সেটেও ৫-৪ গেমে এগিয়ে ছিলেন তিনি। তখন তার একটি ভুলের সুযোগে সেটটি টাইব্রেকারে নিয়ে যান আনিসিমোভা। সেখানে আর ভুল করেননি সাবালেঙ্কা।

এনএএন টিভি

Share this news as a Photo Card