যৌন হয়রানির অভিযোগে কাউন্টির সাবেক কোচকে ৯ মাস বরখাস্ত করা হয়েছে। যদিও সেই কোচের নাম জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কাউন্টি ক্রিকেটের সাবেক কোচ। সেই কোচের বিরুদ্ধে দুই জুনিয়র সহকর্মীকে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ রয়েছে। স্বাধীন ক্রিকেট শৃঙ্খলা প্যানেল (সিডিপি) নাম প্রকাশে অনিচ্ছুক কোচকে এমন শাস্তি দিয়েছে। পাঁচটি আইন লঙ্ঘন করার দায় স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত কোচ।
২০২৩-২০২৪ সালে ঘটে যাওয়া ঘটনাবলির ওপর ভিত্তি করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে সেই কোচের বিরুদ্ধে। যার মধ্যে ক্লাবের চেঞ্জিং রুমে এক নারী সহকর্মীকে চুমু দেওয়ার অভিযোগ রয়েছে সেই কোচের বিরুদ্ধে।
দুই সহকর্মীর মধ্যে একজন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন। তাকে আজেবাজে মেসেজ সেই কোচ দিয়েছিলেন বলে জানা গেছে। পেশাগত সীমা ছাড়িয়ে যৌন হয়রানির বিষয়ে সেই নারীর ধারণা থাকায় চুপ করে বসে থাকেননি। ট্রাইব্যুনালে কোচের বিরুদ্ধে অযাচিত ও আজেবাজে মেসেজ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সিডিপি জানিয়েছে, কোচটির স্বাস্থ্যের অবস্থা এবং সম্ভাব্য ক্ষতির আশঙ্কার কারণে তার নাম প্রকাশ করা হয়নি। ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এরপর আর ক্রিকেটে কোনো পেশাগত দায়িত্বে তিনি নেই।
নয় মাসের নিষেধাজ্ঞার মধ্যে ছয় মাস আগে থেকেই কার্যকর ধরা হয়েছে। বাকি তিন মাস স্থগিত রাখা হয়েছে আগামী ১২ মাসের জন্য। কারণ, কোচ দায় স্বীকার করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন এবং সংশোধনমূলক শিক্ষায় অংশ নিয়েছেন।
সিডিপি জানায়, তিনি এক প্রাক্তন পেশাদার ক্রীড়াবিদের সঙ্গে কাজ করেছেন, যিনি তাকে শিখিয়েছেন কীভাবে অপ্রত্যাশিত অশালীন বার্তা কারও ওপর প্রভাব ফেলে। এছাড়াও, তিনি যৌন হয়রানি ও পেশাগত সীমারেখা নিয়ে শিক্ষামূলক কোর্সও সম্পন্ন করেছেন।
আদালতে শোনা হয়, তিনি একজন নারী সহকর্মীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা চালাচালি করতেন। ওই নারী আপত্তি জানানোর পরও কয়েকদিন পরে আবার একটি অশালীন বার্তা পাঠান তিনি।
অন্য আরেকজন, যিনি বয়সে অনেক ছোট এবং পেশাগতভাবে কোচটির সঙ্গে কাজ করতেন, তাকেও তিনি যৌন উদ্দীপক ছবি পাঠান। ওই নারী কোনো সাড়া দেননি। পরে কোচটি তাকে চেঞ্জিং রুমে পাঠান কাজের বাহানায়। সেখানে গিয়ে তিনি ওই নারীর দিকে ঝুঁকে পড়েন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নারী নিজেকে সরিয়ে নেন।
সিডিপি জানিয়েছে, যদিও ওই কোচ দুটি ঘটনাতেই সরাসরি ‘বিশ্বাসভাজন’ অবস্থানে ছিলেন না, তবুও তিনি বয়সে অনেক বড় এবং ক্লাবে তার পদ অনেক উচ্চতর ছিল। ফলে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য ছিল না।
ক্রিকেট রেগুলেটরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস হাওয়ার্ড বলেন, ‘এই ধরনের যৌন আচরণ গ্রহণযোগ্য নয়। যারা এগিয়ে এসে রিপোর্ট করেছেন, তাদের সাহস এবং সততার জন্য ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট থেকে যৌন হয়রানি দূর করাই আমাদের অগ্রাধিকার। আমরা জানি, এগিয়ে এসে এসব অভিযোগ তোলা অনেক সাহসের কাজ।’
সিডিপি জানিয়েছে, প্রথমে তিনি কিছু সীমিত স্বীকারোক্তি দিলেও পরে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি আগের সেই মানুষ নন যাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আদালতে জানানো হয়, তিনি কয়েক মাস ধরে কাউন্সেলিং নিয়েছেন।
