কোপা আমেরিকা : টাইব্রেকারে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে কানাডা

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। তবে সেখানেও হয় ড্র। প্রথম পাঁচটি পেনাল্টিতে দুই দলই সমান তিনটি করে জালে জড়ায় এবং দুটি মিস করে। ষষ্ঠ পেনাল্টিটা ভেনেজুয়েলা মিস করলেও জালে বল জড়াতে ভুল করেনি কানাডা। আর তাতে নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনাল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার (৬ জুলাই) টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছে কানাডা। আর প্রথমবারেই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল দলটি। সেমির প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে এক ম্যাচ খেলেছে তারা। সে ম্যাচে ভালো খেললেও ২-০ গোলে হারতে হয়েছে তাদের।

ম্যাচে দুই দলই লড়াই করেছে মোটামুটি সমান তালে। আক্রমণ ও প্রতি আক্রমণে উত্তাপও ছড়িয়েছে বেশ। প্রথম দিকে দাপটটা বেশি ছিল কানাডার। আর তাই গোলটাও শুরুতে আদায় করে নেয় তারাই। ম্যাচের ১৩ মিনিটে কানাডাকে লিড এনে দেন জ্যাকভ শাফেলবার্গ। ডান প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ-দেয়াল ভেঙে গোলটি করেন এই ফরোয়ার্ড।

গোল খাওয়ার পরপরই আক্রমণে মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা। দ্রুত কয়েকটি আক্রমণও করে তারা। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পাওয়া হচ্ছিল না দলটির। রক্ষণ সামলে আক্রমণে মনোযোগী হয় কানাডাও। তবে জালের দেখা পায়নি তারাও। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য লড়াই অব্যহত রাখে ভেনেজুয়েলা। কানাডাও রক্ষণাত্মক খেলেনি। ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে ভেনেজুয়েলা। সমতা ফেরানো গোলটিও ছিল বেশ দেখার মতো। মূলত কানাডার এক কর্নার থেকে বল পেয়ে প্রতি আক্রমণ করে ভেনেজুয়েলা।

জন আর্মবুরুর কাছ থেকে বল পেয়েছে প্রতিপক্ষ বক্স বরাবর ছুটতে শুরু করেন সালোমন রনডন। দূর থেকেই তিনি লক্ষ্য করেছিলেন যে গোলরক্ষক পোস্ট ছেড়ে অনেকটা সামনে এগিয়ে আছেন। সুযোগ বুঝতে পেরে ৩৫ গজ দূর থেকে বল মারেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপিয়াউ গোলপোস্টে ফেরার আগেই বল গিয়ে জালে জড়ায়।

ম্যাচে সমতা আসার পর দুই দলই গোলের চেষ্টা করে। অনেকগুলো সুযোগও তৈরি করে। তবে কেউই জালে জড়াতে পারেনি বল। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে ৩-৪ ব্যবধানে হারায় কানাডা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ১০ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

এনএএন টিভি