চেলসি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। বুধবার ভিলা পার্কে ‘রিপ্লে’ ম্যাচে স্বাগতিক অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় চেলসি। এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করার ম্যাচে চেলসির হয়ে দুর্দান্ত একটি ফ্রি কিক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। লক্ষ্যভেদের পর বিশ্বকাপজয়ী তারকা জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির মতো গোল উদ্যাপন করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘গোটের কাছে শিখছি।’ লিওনেল মেসির নেতৃত্বে ২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপ জেতেন এনজো ফার্নান্দেজ। তরুণ এই মিডফিল্ডারের আইডল আর্জেন্টাইন সুপারস্টারই। বুধবার ভিলা পার্কে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন এনজো। ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি কিকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি। দেখে মনে হতে পারে, হুবহু মেসির মতো গোল করেছেন এনজো। এরপর নিজের জার্সি খুলে দুই হাতে উঁচু করে দেখিয়ে মেসির মতো গোল উদ্যাপন করেন তিনি।ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মেসিকে ম্যানশন করে এনজো লিখেছেন, ‘গোটের (গ্রেটেস্ট অব অল টাইম) কাছে শিখছি।
’
ম্যাচের ৫৪তম মিনিটে ফার্নান্দেজের গোলের আগে ১১ এবং ২১তম মিনিটে একটি করে গোল করেন যথাক্রমে কনর গ্যালাঘার এবং নিকোলাস জ্যাকসন। ৯০+১তম মিনিটে একটি গোল শোধ করে অ্যাস্টন ভিলা। গোলটি করেন ফরাসি উইঙ্গার মৌসা দিয়াবি। দলের জয়ে খুশি চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনো।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলের পারফরম্যান্সে আমি খুব খুশি। নিখাদ এবং ধারাবাহিকভাবে ভালো খেলেছি। একটা তরুণ দলের জন্য এভাবে ভারসাম্য রেখে খেলাটা কঠিন।’আগামী ২৮শে ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডে লিডস ইউনাইটেডকে আতিথ্য দেবে চেলসি।
